বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সংযুক্ত আরব আমিরাতের বিমানবাহিনী ও প্রতিরক্ষা কমান্ডারের আমন্ত্রণে ১৬-২০ নভেম্বর পর্যন্ত সফর করবেন তিনি। সফরকালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘দুবাই আন্তর্জাতিক এয়ার চিফ কনফারেন্স’ এবং ‘দুবাই এয়ার শো’-তে অংশগ্রহণ করবেন।
আইএসপিআর জানায়, সফরের মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করা। এছাড়া এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিমানবাহিনী প্রধান সফর শেষে ২০ নভেম্বর দেশে ফিরে আসবেন।

