বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রাণহানির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘প্রয়োজনে গুলি চালাবে’— এমন নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশে অনিচ্ছুক।

পরবর্তীতে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, “বাসে আগুন দেওয়া বা ককটেল ছুঁড়ে জননিরাপত্তা বিঘ্নিত করার যে চেষ্টা চলছে, তা যে কোনোভাবে প্রতিরোধ করতে হবে। জীবনহানির চেষ্টা করলে গুলি করার এখতিয়ার আইনেই রয়েছে।”

১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়তে থাকে।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ সোমবার নির্ধারিত হওয়ায় উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

এ পরিস্থিতিতে আওয়ামী লীগ ১৫–১৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে।

ডিএমপির কর্মকর্তারা মনে করছেন, নিরাপত্তা ঝুঁকি এবং মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বাড়াতে কমিশনার কঠোর বার্তা দিয়েছেন।

দণ্ডবিধির ৯৬ ধারায় বলা আছে— ‘ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে গৃহীত পদক্ষেপ অপরাধ হিসেবে গণ্য নয়।’
পুলিশের মতে, প্রাণহানির উদ্দেশ্যে হামলা হলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশ কার্যকর।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘গুলি করে হত্যার’ নির্দেশ দিলে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়— সন্দেহভাজন ব্যক্তিকেও বিচারবহির্ভূতভাবে গুলি বা হত্যা করার নির্দেশ কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন