পারিবারিক ব্যবসায় অংশীদার করার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন টেলিভিশন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দেন মেহজাবীন। সেই বিশ্বাসে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা অভিনেত্রী ও তার ভাইকে প্রদান করেন। তবে নির্ধারিত সময় পার হলেও কোনো ব্যবসার কার্যক্রম শুরু হয়নি। উল্টো পাওনা টাকা চাইলে কথাবার্তা এড়িয়ে যান তারা।
অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে বাদীকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে অভিনেত্রী, তার ভাইসহ আরও কয়েকজন তাকে গালিগালাজ ও হুমকি দেন বলে দাবি করেন আমিরুল।
মামলার নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করা হয়।
বাদী প্রথমে থানায় অভিযোগ জানাতে গেলে ভাটারা থানা তাকে আদালতে যেতে পরামর্শ দেয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় আদালতে মামলা করেন।
আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।

