বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ-কাতারের সশস্ত্র বাহিনী সম্পর্কিত চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

ডেস্ক রিপোর্ট।।

কাতারের দোহায় বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে জনবল প্রেষণ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ চুক্তি সম্পন্ন হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, প্রতিনিধি দলের সদস্য ও দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তারা।

চুক্তির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে কাজ করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে প্রায় ৮০০ জনকে কাতারে পাঠানো হবে, ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়তে পারে।

প্রথম মেয়াদ হবে তিন বছর। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।

এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে।

দোহা সফরকালে বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকারের শীর্ষ কর্মকর্তা ও সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করবেন।

এর আগে চলতি বছরের ২১-২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘আর্থনা’ সম্মেলনে যোগ দিতে কাতার সফর করেন। সেই সফরেই কাতার নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়, যার ধারাবাহিকতায় এবার দ্রুত চুক্তি স্বাক্ষর হল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন