বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই দেশে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না বলে তিনি স্পষ্ট করে জানান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাতে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ, যুব উন্নয়ন ও নারী-তরুণ উদ্যোক্তা সহায়তায় সামাজিক ব্যবসা তহবিল গঠনসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গেও দুই পক্ষ মতবিনিময় করেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

অধ্যাপক ইউনূস বলেন, “আগামী নির্বাচনে রেকর্ডসংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। অতীতের তিনটি বিতর্কিত নির্বাচনে তারা অংশ নিতে পারেনি। আন্দোলনের সময় দেয়ালচিত্রে যারা নিজেদের অবস্থান জানিয়েছিল, এবার তারা ভোটকেন্দ্রে গিয়ে মত প্রকাশ করবে।”

বাংলাদেশের নির্বাচন প্রস্তুতিকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ উল্লেখ করে ডাচ উপমন্ত্রী বলেন, “মাত্র কয়েক মাস সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার চমৎকার আয়োজন করেছে।”

তিনি বাংলাদেশের নতুন শ্রম আইনকেও স্বাগত জানান। তার মতে, সংস্কারগুলো নেদারল্যান্ডসসহ ইউরোপের বৃহত্তর বিনিয়োগকে উৎসাহ দেবে।

গ্রোটেনহুইস জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিষয়ে একটি সমঝোতা স্মারক শিগগিরই সই হতে পারে। এতে বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও বাড়বে বলে তার আশা।

“৫০ বছর ধরে বাংলাদেশ-নেদারল্যান্ডস উন্নয়ন অংশীদার ছিল। এখন আমরা এ সম্পর্ককে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগে আরও সমতাপূর্ণ অংশীদারিত্বে রূপ দিতে চাই,” বলেন তিনি।

তার মতে, যেসব ডাচ কোম্পানি এতদিন বাংলাদেশ থেকে শুধু পণ্য সংগ্রহ করত, তারা এখন সরাসরি বিনিয়োগ ও কার্যকর অংশীদার হতে আগ্রহী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন