আজ মঙ্গলবার হঠাৎ করেই বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক মাধ্যম এক্স, চলচ্চিত্র রিভিউ প্ল্যাটফর্ম লেটারবক্সডসহ বহু জনপ্রিয় সাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা ত্রুটির বার্তা দেখতে পান। বার্তায় জানানো হয়, ক্লাউডফ্লেয়ারের সিস্টেম সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব নয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাউডফ্লেয়ার বিশ্বব্যাপী অসংখ্য ওয়েবসাইটের নিরাপত্তা, সাইবার আক্রমণ প্রতিরোধ, ট্র্যাফিক ব্যবস্থাপনা এবং কনটেন্ট ডেলিভারির মতো গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। ফলে এই প্ল্যাটফর্মে যেকোনো প্রযুক্তিগত ব্যাঘাত সৃষ্টি হলে একই সঙ্গে বহু সাইট বন্ধ হয়ে যায়।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারী ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করলে দেখেন—
“ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ ত্রুটি দেখা দিয়েছে। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।”
বিভ্রাটের পরপরই ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে ঘটনাটি স্বীকার করে জানায়, সমস্যার উৎস অনুসন্ধান করা হচ্ছে এবং প্রাপ্ত আপডেট ব্যবহারকারীদের জানানো হবে। পরে প্রতিষ্ঠানটি জানায়, তারা সমস্যাটি শনাক্ত করেছে এবং সমাধান প্রক্রিয়া চলছে।
ওয়েবসাইট বিভ্রাট মনিটরিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরও শুরুতে একই সমস্যায় পড়ে সাময়িকভাবে অচল হয়ে যায়। কিছুক্ষণ পর সাইটটি সচল হলে দেখা যায়—বিশ্বব্যাপী ওয়েবসাইট ডাউন হওয়ার বিপুলসংখ্যক রিপোর্ট জমা পড়েছে, যা প্রমাণ করে ক্লাউডফ্লেয়ারের বিপর্যয় কতটা ব্যাপক ছিল।
ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিঘ্নে প্রভাবিত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্লাউডফ্লেয়ারের মতো একটি কেন্দ্রীভূত সার্ভিসে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়া নতুন ঘটনা নয় এবং এই ধরনের পরিস্থিতি ইন্টারনেট অবকাঠামোর ‘এক সূত্রে নির্ভরতা’র ঝুঁকিকে আবার সামনে নিয়ে এসেছে।

