১৮ ক্যারেটের খাঁটি সোনায় তৈরি শিল্পকর্ম ‘আমেরিকা’ নতুন মালিক পেল ১৪৮ কোটি টাকায়। ইতালীয় সমকালীন শিল্পী মৌরিজিও ক্যাটেলানের ব্যঙ্গ-শিল্পের অনন্য উদাহরণ এই সম্পূর্ণ কার্যকর সোনার টয়লেটটি নিউইয়র্কে সোথেবির নিলামে বিক্রি হয়েছে ১ কোটি ২১ লাখ ডলারে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নিলামে তোলা হয় ১০১ কেজি ওজনের এই শিল্পকর্ম। শুরুতে দর হাঁকা হয়েছিল ১ কোটি ডলার; শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতার পর দাম দাঁড়ায় ১ কোটি ২১ লাখ ডলারে।
সোথেবি একে বর্ণনা করেছে “শিল্পমূল্য ও ভোগ্যপণ্যের মূল্যের সংঘাতে তীক্ষ্ণ শিল্পব্যঙ্গ” হিসেবে। সম্পূর্ণ কার্যকরী এই টয়লেটের আরেকটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে।
শিল্পী ক্যাটেলান নিজেই শিল্পকর্মটিকে অতিধনীদের প্রতি ব্যঙ্গ হিসেবে ব্যাখ্যা করেছেন। তার ভাষায়,
“আপনি ২০০ ডলারে লাঞ্চ করুন বা দুই ডলারের হট ডগ—শেষে গন্তব্য একই জায়গায়।”
এর আগেও ক্যাটেলানের কাজ নিলামে সাড়া ফেলেছে। দেয়ালে ডাকটেপে আটকানো কলা ‘কমেডিয়ান’ ২০২৩ সালে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা মূর্তি ‘হিম’ ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয়েছিল ১ কোটি ৭২ লাখ ডলারে।
একই নিলামে অস্ট্রিয়ান বিখ্যাত শিল্পী গুস্তাভ ক্লিমটের প্রতিকৃতি ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ বিক্রি হয়েছে ২ কোটি ৩৬ লাখ ডলারে—যা আধুনিক শিল্পের ইতিহাসে আঁকা চিত্রের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়েছে। প্রায় ২০ মিনিট দরকষাকষির পর শিল্পকর্মটির নতুন মালিক নির্ধারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন থেকে রক্ষা পাওয়া ক্লিমটের এই ছবিটি তার বিরলতম কাজগুলোর মধ্যে একটি।

