রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মিস ইউনিভার্সে বিচারক পদত্যাগ, বিতর্কের ঝড়

ডেস্ক রিপোর্ট।।

থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৪তম আসর ‘মিস ইউনিভার্স’। তবে এবারের প্রতিযোগিতা শুরু থেকেই নানা বিতর্কের মুখে। সম্প্রতি দুটি বড় ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে—দুইজন জুরি সদস্যের পদত্যাগ এবং প্রি-ইভেন্টে প্রতিযোগীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, তিনি ‘মিস ইউনিভার্স’ জুরি প্যানেল থেকে পদত্যাগ করেছেন। হারফুশের অভিযোগ, প্রতিযোগিতার শীর্ষ ৩০ ফাইনালিস্ট নির্বাচন করা হয়েছে গোপন একটি প্যানেলের মাধ্যমে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না। তিনি উল্লেখ করেন, এই গোপন প্যানেলের সদস্যদের মধ্যে অনেকে প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত স্বার্থের সংঘাত রয়েছে।

হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে আরও একটি বিতর্ক ঘটেছিল, যখন থাইল্যান্ডের এক কর্মকর্তা মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রি-ইভেন্টে প্রকাশ্যে অপমান করেন। ঘটনাটি ভিডিওতে ধরা পড়ার পর প্রতিযোগীরা প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং ভিডিওটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা দর্শক ও অনলাইন ভোটে ব্যাপক সাড়া ফেলছেন। মিথিলার পক্ষে ইতিমধ্যে রেকর্ড, ১৫ লাখ ৫০ হাজার, ভোট পড়েছে। ভোট প্রদান প্রক্রিয়া চলবে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০:৫৯ পর্যন্ত।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন