মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীর নিরাপত্তা নিয়ে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

ডেস্ক রিপোর্ট।।

জন্মদিনে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও করণীয় তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন লন্ডনপ্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে প্রকাশিত ওই পোস্টে তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তন, নারীর নিরাপত্তাহীনতা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত মতামত ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, প্রযুক্তির বিকাশ বিশ্বকে যেমন বদলে দিচ্ছে, তেমনি বাংলাদেশও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের গতি তাঁর ও তাঁর স্ত্রীর মেয়েকে নিয়ে বাড়তি ভাবনার জন্ম দেয় বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি বলেন, প্রতিদিনই অসংখ্য নারী শুধু কথা বলার বা কাজ করার মতো সাধারণ কারণেই হয়রানি, হুমকি, বুলিংসহ নানা সহিংসতার শিকার হন।
“আমাদের মেয়েরা, মায়েরা, সহকর্মীরা যেন ভয়ের মধ্যে আর বাঁচতে না হয়—এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত,” মন্তব্য করেন তিনি।

তারেক রহমান নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পাঁচটি অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন—

১. ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম

সাইবার বুলিং, হুমকি, প্রতারণা বা ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ জানাতে ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত রেসপন্ডার। বাংলা কনটেন্ট দ্রুত মডারেশনের জন্য বড় প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা।

২. পাবলিক লাইফে নারীর সুরক্ষা প্রোটোকল

সাংবাদিক, কর্মী, শিক্ষার্থী বা কমিউনিটি নেত্রীদের জন্য জাতীয় নির্দেশিকা, দ্রুত আইনি সহায়তা ও গোপনীয় রিপোর্টিং চ্যানেল—যাতে হয়রানির কারণে কোনো নারীকে নীরব হয়ে থাকতে না হয়।

৩. ডিজিটাল সেফটি শিক্ষা

স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা। শিক্ষকরা ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে কাজ করবেন এবং নিয়মিত সচেতনতা কার্যক্রম চালানো হবে।

৪. কমিউনিটি পর্যায়ে নিরাপত্তা জোরদার

নিরাপদ যাতায়াত, উন্নত রাস্তার আলো, কমিউনিটি হেল্প ডেস্ক এবং ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার—যা নারীদের দৈনন্দিন জীবনকে নিরাপদ করবে।

৫. নারীর নেতৃত্ব বৃদ্ধিতে জাতীয় উদ্যোগ

লিডারশিপ ট্রেনিং, মেন্টরশিপ নেটওয়ার্ক এবং কর্মক্ষেত্র-শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যত্নকেন্দ্র সম্প্রসারণ—যাতে নারীরা পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।

তারেক রহমান স্ট্যাটাসে আরও বলেন, দেশের উন্নতির চাবিকাঠি নারীর শক্তি ও নিরাপত্তায় নিহিত।
“আমাদের রাজনীতি বা মতাদর্শ যাই হোক—একটি বিষয় সবকিছুর ঊর্ধ্বে: নারীরা যত নিরাপদ ও ক্ষমতায়িত, বাংলাদেশ ততই অপ্রতিরোধ্য,” মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে আহ্বান জানান—ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে একসঙ্গে এগিয়ে আসার জন্য।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন