ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৭। এতে রাজধানী ঢাকাসহ নরসিংদী ও নারায়ণগঞ্জে অন্তত ১০ জনের প্রাণহানি এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন।
নরসিংদীতে পাঁচজন নিহত
নরসিংদীতে ভূমিকম্পে প্রাণ হারান দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১১), কাজম আলী ভূঁইয়া (৭৫), নাসির উদ্দিন (৬৫) এবং ফোরকান (৪০)। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে দেলোয়ার ও তার ছেলের মৃত্যু হয়, মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা যান কাজম আলী, আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হয়ে নাসিরের মৃত্যু হয়, আর ফোরকান গাছ থেকে পড়ে নিহত হন।
ঢাকায় চারজনের মৃত্যু
পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে নিহত হন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। মুগদা মদিনা বাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের নিরাপত্তা কর্মীও মারা যান।
নারায়ণগঞ্জে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের সময় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে এক বছরের ফাতেমা নামে শিশুর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ফাতেমাকে কোলে নিয়ে তার মা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইটের দেয়াল ধসে শিশুর মৃত্যু হয়।
সরকার ও উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ ও আহতদের চিকিৎসার কাজ শুরু করেছেন।

