ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশে উৎসবের আমেজ। জাতীয় দল বিশ্বকাপ না খেললেও টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ–উচ্ছ্বাস সবসময়ই থাকে তুঙ্গে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা ছড়িয়েছিল আন্তর্জাতিক অঙ্গনেও। সেই আবেগে নতুন মাত্রা যোগ করতে আবারও ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের আসল ট্রফি।
ফিফা ও প্রধান পৃষ্ঠপোষক কোকাকোলার যৌথ উদ্যোগে বিশ্বকাপ শুরুর আগে নিয়মিতভাবেই আয়োজন করা হয় ‘ট্রফি ট্যুর’। ২০২৬ সালের আসরকে সামনে রেখে আগামী ১৪ জানুয়ারি ঢাকার ফুটবলপ্রেমীরা কাছ থেকে দেখতে পাবেন স্বপ্নের সেই সোনালি ট্রফি। যদিও রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শিত হবে, সেটি এখনো চূড়ান্ত করেনি আয়োজকরা।
এর আগে ২০২২ সালের বিশ্বকাপের আগে ঢাকায় এসেছিল আসল ট্রফি। সেই সফরে বাংলাদেশে এসেছিলেন ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু এবং ফিফার আরও সাতজন প্রতিনিধি। তারও আগে, ২০১৩ সালে ট্রফির একটি রেপ্লিকা আনা হয়েছিল ঢাকা সফরে।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আবারও সোনালি সেই মুহূর্তের অপেক্ষায়। এবারও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ মিলবে সাধারণ দর্শকদের জন্য—যা নিঃসন্দেহে দেশের ফুটবলভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।

