মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

চট্টগ্রাম-১৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, কাফন মিছিল করল বিএনপি সমর্থকরা

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের অনুসারীরা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সর্বস্তরের জনসাধারণ—চট্টগ্রাম-১৩ ব্যানারে চায়না রোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ শেষে শশী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে এবং “সরওয়ার জামাল নিজামকে বয়কট করুন” লেখা ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানান।

পরে শশী কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক মনোনয়ন পাওয়া সরওয়ার জামাল নিজাম দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় ছিলেন না, যা সংগঠনের জন্য ক্ষতিকর। তারা দাবি করেন, দ্রুত তার মনোনয়ন বাতিল না হলে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন পরিবর্তনের আবেদন জানান।

এর আগে, গত ১৩ নভেম্বর একই দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিলও করেছিলেন হেলাল উদ্দিনের অনুসারীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন