রাজধানী ঢাকায় সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে বিভিন্ন এলাকার কমপক্ষে ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি কেবল প্রাথমিক পর্যায়ের ক্ষয়ক্ষতির হিসাব। বিস্তারিত পর্যবেক্ষণ ও অনুসন্ধান শেষে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়তে পারে এবং তখন সুনির্দিষ্ট ক্ষতির পরিমাণ জানা যাবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তালিকা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ভবন। এছাড়া রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া, আরমানিটোলা, স্বামীবাগ, সূত্রাপুর, বনানী, কলাবাগান, বসুন্ধরা, নদ্দা ও দক্ষিণ বনশ্রীসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভবন ক্ষতির সম্মুখীন হয়েছে। মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, সিপাহীবাগ ও মগবাজার (মধুবাগ) এলাকাতেও ভবন ক্ষতির তথ্য দিয়েছে প্রশাসন।
এরই মধ্যে আরমানিটোলার বংশাল কসাইটুলি এলাকায় একটি সাততলা ভবনের ছাদের রেলিং ধসে চার পথচারী আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়ার পর তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রশাসন বলছে, প্রয়োজনীয় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

