আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
শনিবার (২২ নভেম্বর) সকালে বদরগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে সম্মত হয়েছে। তাহলে নির্বাচন হওয়ার আগেই গণভোট আয়োজন কেন সম্ভব হবে না? গণভোট হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে।”
তিনি বলেন, “আমরা সবসময় লেভেল প্লেয়িং ফিল্ড চাই। প্রশাসনের অনেকেই নির্দিষ্ট দলের পক্ষে কাজ করেন। যদি সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমার এলাকায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।”
নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকার অঙ্গীকার করে আজহারুল ইসলাম আরও বলেন, “ক্ষমতায় গেলে সরকারি বা বেসরকারি বরাদ্দ আনবো, কিন্তু একটি টাকাও ব্যক্তিগতভাবে গ্রহণ করবো না।”
এদিনের মোটরসাইকেল শোভাযাত্রা বদরগঞ্জ ও তারাগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।

