সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

বিপিএলে নতুন মোড়: নোয়াখালীর প্রবেশের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রক্রিয়ায় আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মাসখানেক আগে প্রাথমিকভাবে বাদ পড়লেও নোয়াখালী অঞ্চলের দল এবার নতুনভাবে বিপিএলে জায়গা পেতে পারে। দলটির সম্ভাব্য মালিক হিসেবে উঠে এসেছে দেশ ট্রাভেলসের নাম।

১১ অক্টোবর বিসিবি ঘোষণা করা ১০টি অঞ্চলের মধ্যে প্রথমবার নোয়াখালী ও ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ দেখায় বাংলা মার্ক লিমিটেড, তবে প্রাথমিক মূল্যায়নে তারা বাদ পড়ে যায়। দুই দফা যাচাই–বাছাই ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই শেষে ৫ নভেম্বর বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করলেও নতুন জটিলতার সৃষ্টি হয় ব্যাংক গ্যারান্টি জমা না দেওয়ায়।

চূড়ান্ত হওয়া দলগুলোর মধ্যে ছিল রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হতো। এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজি সংকট দেখা দেয় এবং সময়সীমা বাড়ানো হয় ১৮ নভেম্বর পর্যন্ত। তবুও কয়েকটি দল নির্ধারিত অর্থ জমা দিতে ব্যর্থ হয়।

এদিকে শোনা যাচ্ছে, ব্যাংক গ্যারান্টিতে ব্যর্থ হওয়া এবং অন্যান্য প্রশাসনিক জটিলতায় চট্টগ্রাম রয়্যালসকে বাদ দিতে পারে বিসিবি। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। নিলাম ২৩ নভেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর নেওয়ায় গুঞ্জন আরও বেড়েছে—চট্টগ্রামের জায়গায় নতুন দল আসতে পারে। ফাঁকা ওই স্থানে চট্টগ্রাম এক্সপ্রেস নামে দল যুক্ত হতে পারে বলে জানা গেছে, যার মালিকানায় থাকতে পারে দেশ ট্রাভেলস।

তবে বিসিবির আরেকটি সূত্র জানায়, চট্টগ্রামকে বাদ দেওয়া নয়; বরং বিপিএলে আরেকটি দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। সেই অতিরিক্ত দলেই প্রথমবার জায়গা পেতে পারে নোয়াখালী। সম্ভাব্য নাম হিসেবে উঠেছে নোয়াখালী এক্সপ্রেস।

৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলোয়াড় নিলাম। তার আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন