সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

আবারও মুস্তাফিজকে দলে নিলো ক্যাপিটালস

ডেস্ক রিপোর্ট।।

দুবাই ক্যাপিটালস আবারো দলে ফিরিয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। আগেরবার নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাকে ফের বদলি হিসেবে দলে ভেড়ানো হলো।

দুবাই ক্যাপিটালস মুস্তাফিজকে জিএম রিতেশের বদলি হিসেবে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজ এবার প্রথমবার আইএল টি-২০তে একই শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। আগে তার বদলি হিসেবে দলে ছিলেন হায়দার আলী।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। নিলামের মাধ্যমে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ দলে নির্বাচিত হয়েছেন। সাকিবকে নিলামের প্রথম রাউন্ডে কেউ নেননি, তবে দ্বিতীয় রাউন্ডে তাকে এমআই এমিরেটস দলে ভেড়িয়েছে ৪০ হাজার ডলারে। অন্যদিকে, তাসকিন আহমেদকে শারজাহ ওয়ারিয়র্স ৮০ হাজার ডলারে দলে নিয়েছে।

আইএল টি-২০ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই এবং শারজাহ এই টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের সঙ্গে খেলে টুর্নামেন্ট শুরু করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন