বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরের সময় তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশগ্রহণ করেন।
শনিবার (২২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতের এয়ারফোর্স ও এয়ার ডিফেন্সের কমান্ডারের আমন্ত্রণে গত ১৬ ও ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফর শেষে ২০ নভেম্বর তিনি দেশে ফেরেন। সফরকালে তিনি বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পেশাগত খাতে দুই দেশের সহযোগিতার পরিধি বৃদ্ধি পাবে।
উল্লেখ, সরকারি সফরের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধান গত ১৫ নভেম্বর ঢাকা ত্যাগ করেছিলেন।

