ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য চলতি করবর্ষের (২০২৫–২৬) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
রোববার (২৩ নভেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেয় এনবিআর।
এনবিআর জানায়, অনলাইনে ই-রিটার্ন দাখিলে কারও প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে তারা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন। যুক্তিসংগত কারণ উল্লেখ করে আবেদন করলেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছর যেসব ব্যক্তি করদাতাদের জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক নয়—
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা
বিদেশে অবস্থানরত বাংলাদেশি
মৃত করদাতার আইনগত প্রতিনিধি
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক
তবে ইচ্ছা করলে তারাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
বিদেশে থাকা করদাতারা তাদের পাসপোর্ট নম্বর, এনআইডি, ই-মেইল ঠিকানা ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd-এ পাঠালে তাঁদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। ফলে বিশ্ব যেকোনো প্রান্ত থেকেই তারা সহজেই রিটার্ন দাখিল করতে পারছেন।
করদাতারা কোনো কাগজপত্র আপলোড ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য সিস্টেমে এন্ট্রি করে—
ডেবিট/ক্রেডিট কার্ড
ইন্টারনেট ব্যাংকিং
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি)
—ব্যবহার করে আয়কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র ও আয়কর সনদও পাওয়া যাবে।
এ কারণে দেশে–বিদেশে করদাতাদের মধ্যে ই–রিটার্ন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
এনবিআর জানায়, করদাতাদের বিভ্রান্তি দূর করতে তাদের প্রতিনিধিদের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স আইনজীবীদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এ ছাড়া ই-রিটার্ন সহায়তার জন্য স্থাপন করা হয়েছে কল সেন্টার
ওয়েবসাইট www.etaxnbr.gov.bd থেকে লিখিত অভিযোগ জানালেও তাৎক্ষণিক সমাধান মিলছে।
এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা চলতি করবর্ষে ই-রিটার্ন দাখিল করেছেন।
সব করদাতাকে ৩১ ডিসেম্বরের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

