‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ বিজয়ী শাম্মি ইসলাম নীলা অবশেষে অভিনয়ে অভিষেক করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রস্তুতির পর ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’–এর মাধ্যমে বড় পর্দার নায়িকা হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এতে তার সহশিল্পী হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী এবং পুরো টিমের সদস্যরা।
ট্রেলার উন্মোচনে নীলা বলেন,
“আজকের দিনটি আমার জন্য অনেক বড়। অনেকে জানতে চাইতেন, কবে আমাকে নায়িকা হিসেবে দেখা যাবে? আমি এমন একটি কাজ দিয়ে শুরু করতে চেয়েছি যা দর্শকের মনে দাগ কাটবে। আশা করি, ‘ফার্স্ট লাভ’ সেই প্রত্যাশা পূরণ করবে।”
অভিনয়ে প্রথম কাজ হিসেবে এই প্রজেক্ট বেছে নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন,
“গল্পটি আমাকে ভীষণ আকর্ষণ করেছে। যারা দেখবেন, তারাও নিজের জীবনের কোথাও না কোথাও এর সঙ্গে মিল খুঁজে পাবেন। আমি এমন চরিত্রে কাজ করতে চাই, যা মানুষের মনে থাকে।”
হাসিব হোসাইন রাখির গল্পে নির্মিত ৯০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মে রয়েছে রোমান্স, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব এবং ছাত্রজীবনের স্মৃতি। পরিচালনার দায়িত্বও পালন করেছেন রাখি নিজেই।
অভিনেতা তৌসিফ মাহবুব বলেন,
“‘ফার্স্ট লাভ’ হচ্ছে হাসিব হোসাইন রাখির সঙ্গে আমার দ্বিতীয় এবং ক্যাপিটাল ড্রামার সঙ্গে চতুর্থ কাজ। নীলার ডেবিউ হওয়ায় ফিল্মটির নামও ‘ফার্স্ট লাভ’। আশা করছি, দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।”
ফিল্মটির প্রযোজক ও ক্যাপিটাল ড্রামার প্রধান আনোয়ারুল আলম সজল জানান,
“আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামায় ‘ফার্স্ট লাভ’ মুক্তি পাবে। দর্শকরা এতে সিনেমাটিক অভিজ্ঞতাও পাবেন।”

