মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

অর্ধশতাধিক শিবির কর্মীর বিএনপিতে যোগদানের খবরকে ‘বানোয়াট’ বলছে ছাত্রশিবির

ডেস্ক রিপোর্ট।।

খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে সংগঠনটি। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) খাগড়াছড়ি পার্বত্য জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস ছাত্তার এবং সেক্রেটারি আবু ইউসুফ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সাবেক জেলা সেক্রেটারি মো. রুবেল দীর্ঘদিন শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের নভেম্বর মাসে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি আওয়ামী লীগ ও পরে বিএনপির কর্মসূচিতে সক্রিয় হন বলে দাবি করেছে সংগঠনটি।

ছাত্রশিবিরের নেতারা বলেন, দেশের প্রতিটি নাগরিক তার পছন্দমতো রাজনৈতিক আদর্শ অনুসরণের অধিকার রাখলেও একজন বহিষ্কৃত ব্যক্তিকে সামনে রেখে ‘যোগদান নাটক’ সাজানো রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। দলীয় নেতাকর্মীদের উৎসাহ দিতে বিএনপি পরিকল্পিতভাবে এ আয়োজন করেছে বলেও অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ও জাতীয় কিছু গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য প্রচার করছে, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। সংগঠনটি অভিযোগ করে বলেছে, খাগড়াছড়ি জেলা বিএনপিতে ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী যোগ দেননি—এ তথ্য জনসাধারণকে জানানো জরুরি।

বিবৃতির শেষে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপিকে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার পরামর্শ দিয়েছে ছাত্রশিবির।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন