সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত, শেষদিনে ম্যাচ বাঁচাতে পারবে?

ডেস্ক রিপোর্ট।।

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বড় বিপদে পড়েছে ভারত। প্রোটিয়া ব্যাটসম্যানদের দাপুটে পারফরম্যান্সে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য পেয়েছে স্বাগতিকরা। জবাবে চতুর্থ দিন শেষে ২ উইকেটে মাত্র ২৭ রান তুলতেই সক্ষম হয়েছে ভারত।

শেষ দিনে ভারতের সামনে সমীকরণ—আরও ৫২২ রান অথবা পুরো দিন টিকে থেকে ম্যাচ বাঁচানো। অবস্থান দেখে শেষেরটিই এখন বাস্তবসম্মত মনে হচ্ছে। তবে হাতে থাকা ৮ উইকেট নিয়ে তা সম্ভব হবে কিনা—সেটি নিয়েও সন্দেহ রয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও হতাশ হয়ে ফেরেন ত্রিস্তান স্টাবস। ১৮০ বলে ৯৪ রান করে জাদেজার বলে বোল্ড হন তিনি। অধিনায়ক টেম্বা বাভুমা এরপর আর সময় নষ্ট করতে চাননি। ৫ উইকেটে ২৬০ রানে ইনিংস ঘোষণা করেন, ফলে ভারতকে দেন প্রায় অচিন্তনীয় এক লক্ষ্য।

প্রথম ইনিংসেই ২৮৮ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসের ২৬০ যোগ হয়ে লিড দাঁড়ায় ৫৪৮। ভারতের সামনে টিকে থাকার লড়াই ছাড়া কোনো পথই খোলা থাকছে না।

এর আগে সিরিজের প্রথম টেস্টেই লজ্জাজনকভাবে ১২৪ রান তাড়া করতে না পেরে ৯৩ রানে অলআউট হয়েছিল ভারত। এবারও একই পরিণতির দিকে এগোতে থাকলে নিজেদের মাঠে হোয়াইটওয়াশের অপমান সইতে হবে রিশাভ পান্তদের।

চতুর্থ ইনিংসে ব্যাটিং শুরু করেই বিপদে পড়ে ভারত। মার্কো জানসেন ও সাইমন হারমারর তোপে দ্রুত আউট হন জসস্বি জয়সওয়াল ও লোকেশ রাহুল। স্বাগতিকদের সংগ্রহ তখন মাত্র ২১।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দেন জাদেজা। তিনি একাই নেন ৪ উইকেট। আগের দিন ২৬ রান নিয়ে অপরাজিত থাকা ওপেনাররা বড় কিছু করতে পারেননি। মারক্রাম করেন ২৯, রিকেলটন ৩৫। টনি ডি জর্জি আউট হন ৪৯ রানে।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সেঞ্চুরি করেন সেনুরান মুথুসামি (১০৯)। উল্লেখযোগ্য ভূমিকা রাখেন জানসেনও—৯৩ রান করার পর বল হাতে ভারতের ৬ উইকেট তুলে নেন তিনি। ভারতের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান আসে জয়সওয়ালের ব্যাট থেকে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন