বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

ডেস্ক রিপোর্ট।।

আফগানিস্তান মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে। পাকিস্তান খোস্ত প্রদেশে রাতে বিমান হামলা চালায়, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু রয়েছে বলে আফগান তালেবান সরকার জানিয়েছে।

এর আগে অক্টোবর মাসে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাকিস্তানের পেশোয়ারে সম্প্রতি আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। ওই হামলার জবাবে ইসলামাবাদ আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালায়।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি সন্ত্রাসী গোষ্ঠী তাদের ওপর হামলা চালাচ্ছে, এবং আফগানিস্তানের সমর্থন আছে। তবে তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

পেশোয়ারে আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তিনজন সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, হামলাকারীকে প্রতিহত করা হয়েছে, ফলে বড় ধরনের ক্ষতি আটকানো সম্ভব হয়েছে।

তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শুরুতে উষ্ণ ছিল। তবে টিটিপি-র খাইবার পাখতুনখাওয়াতে হামলা বৃদ্ধি পাওয়ার কারণে সম্পর্ক দ্রুত খারাপ হয়ে যায়। গত মাসে দুই দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও সংঘটিত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন