মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশ মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতের ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়।

নোটিশে বলা হয়েছে, ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী উল্লেখ করেছিলেন— “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; বরং নির্বাচনী এলাকায় থাকা প্রশাসনকেও আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় প্রশাসনের সর্বস্তরে উদ্বেগ ও নিন্দা সৃষ্টি হয়। এমনকি কূটনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের প্রতি এরূপ মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শের বিরোধী এমন বক্তব্য সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করেছে। ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হলেও শাহজাহান চৌধুরীর আচরণে কোনো পরিবর্তন হয়নি।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, দলের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে তাকে লিখিতভাবে জানানোর জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না দিলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন