বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন

ডেস্ক রিপোর্ট।।

ইউক্রেন মঙ্গলবার (২৫ নভেম্বর) জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার জন্য শান্তি প্রস্তাবে তারা রাজি হয়েছে। তবে এখনও চুক্তি চূড়ান্ত করতে কিছু ছোট বিষয় সমাধান বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, “চুক্তি চূড়ান্ত করতে আরও অনেক কাজ বাকি আছে।”

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। বৈঠকের সময়ই মার্কিন কর্মকর্তা জানিয়ে দেন, “ইউক্রেন শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে, সেগুলো সমাধান করতে হবে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির বিষয়ে আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর নির্ভর করছি।”

রুস্তেম আরও জানিয়েছেন, চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে জেলেনস্কির একটি সফরের পরিকল্পনা রয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে বৈঠক করে চুক্তি চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। শান্তি চুক্তি এখন যুদ্ধবিরতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন