কৃষক এবং দেশীয় উৎপাদনের স্বার্থ রক্ষার জন্য সরকারের পেঁয়াজ আমদানির নীতি আপাতত অপরিবর্তিত থাকবে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বুধবার সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা স্পষ্ট করেন।
উপদেষ্টা জানান, বাজারে পেঁয়াজের দাম ওঠানামার আভাস দিয়ে আমদানির অনুমতি চাওয়া হলেও সরকার সেই সিদ্ধান্ত নেইনি। তিনি বলেন, “দেশীয় উৎপাদন এবং কৃষকের ন্যায্যমূল্যকে প্রাধান্য দিয়ে সরকার আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ রাখছে। এখানে মূল লক্ষ্য কৃষকের স্বার্থ।”
আলু ক্ষেত্রেও তিনি মন্তব্য করেন, দাম কমে যাওয়ায় চলতি মৌসুমে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, আমনে এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
সারের সরবরাহ ও গ্যাসের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেছেন, দেশের কোথাও সারের ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। সারের সরবরাহ কঠোর নিয়মাবলীর আওতায় পরিচালিত হচ্ছে এবং তা পূর্ণভাবে মানা হবে। তিনি আরও বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে সারের দামের কোনো সরাসরি সম্পর্ক নেই।
উপদেষ্টা জানান, কৃষি খাতে বিভিন্ন স্তরে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতিকে সরকার বরদাস্ত করবে না।

