হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এখন ধীরে ধীরে উন্নতির দিকে। তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, “দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তার ওপর নজরদারি অব্যাহত রেখেছেন।”
চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হচ্ছে এবং তার স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় তার পাশে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। সম্প্রতি, উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন পর দেশে ফিরেছেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১ আসনসহ মোট তিনটি আসনে লড়বেন।

