রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা ‌‘কিছু’ পরীক্ষার্থীর

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা বুধবারও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগের সিদ্ধান্তে অনড় থাকায় আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ঢাকাসহ ৮ বিভাগে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থী প্রতিনিধিরা জানিয়েছেন, তারা প্রায় এক মাস ধরে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন সমাধান পাননি। পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়া, পুরনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্য এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হস্তক্ষেপ তাদের আন্দোলনের মূল কারণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি সাইফ মুরাদ বলেন, “আমাদের আন্দোলনের সময় প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কারও মাথায় ১০টিরও বেশি সেলাই দেওয়া হয়েছে। আহত অবস্থায় পরীক্ষায় বসা অসম্ভব, তবু পিএসসি কোনো মানবিক বিবেচনা করেনি। এ কারণে আমরা লিখিত পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, পুরনো পরীক্ষার্থীরা মাত্র তিন মাস আগে লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাই তারা প্রস্তুত থাকতে পারলেও নতুন পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি গ্রহণ করা কঠিন। এটি ন্যায্য হয়নি, তাই আমরা পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলি ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রায় ১০ হাজার ৬৪৪ জন লিখিত পরীক্ষায় অংশ নেবার সুযোগ পান। ২৬ অক্টোবর পিএসসি লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। তবে পরীক্ষার্থী আন্দোলনের কারণে ভবিষ্যতে পরীক্ষা পেছানোর দাবি উঠতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন