বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের বিস্তারিত তথ্য অবশেষে ঘোষণা করেছে গভার্নিং কাউন্সিল। আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম।
এবারের বিপিএলে ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে। নতুন ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এবারের আসরে খেলবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।
বিসিবি জানিয়েছে, বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। এর মধ্যে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবি কর্মকর্তার ইফতেখার রহমান মিঠু।
আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। খেলার আগে, ১৭ ডিসেম্বর ঢাকায় আয়োজন করা হবে উদ্বোধনী অনুষ্ঠান।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টসের মালিকানায় রংপুর রাইডার্স খেলবে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস। রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা নাবিল গ্রুপের হাতে, সিলেট টাইটান্সের মালিকানা ক্রিকেট উইথ সামি। ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর হাতে, আর নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দেশ ট্রাভেলস নিয়েছে।

