মিস ইউনিভার্স প্রতিযোগিতার স্বত্বাধিকারী এবং থাই ব্যবসায়ী অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের একটি আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির না হওয়ায় বিচারক এই পরোয়ানা জারি করেন।
থাই গণমাধ্যম জানায়, জাকাপংয়ের মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপের বিরুদ্ধে ২০২৩ সালে বিনিয়োগকারীদের কাছে ভুল তথ্য উপস্থাপন এবং বিনিয়োগ ফেরতের বিষয়ে ভুয়া প্রতিশ্রুতির অভিযোগ ওঠে। অভিযোগকারীরা জানান, কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করে শেয়ার বাজারে কৃত্রিমভাবে প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী দেখানোর চেষ্টা করেছিল।
এ ঘটনায় প্রতারিত এক বিনিয়োগকারী মামলা দায়ের করেন। ওই মামলার রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
আদালত বলেছে, “অভিযুক্ত ব্যক্তি জানতেন যে নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, তবুও তিনি মানুষকে বিনিয়োগে উৎসাহিত করেছেন—যা স্পষ্ট প্রতারণা।”
এদিকে অ্যান জাকাপং বা তার প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। থাই সংবাদমাধ্যমের দাবি, তিনি দেশ ত্যাগ করে ইতোমধ্যে মেক্সিকোতে গেছেন।
তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে—জাকাপংয়ের বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়ার সঙ্গে প্রতিযোগিতা পরিচালনার কোনো সম্পর্ক নেই এবং অনুষ্ঠানিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

