বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২

ডেস্ক রিপোর্ট।।

সারাদেশে বাউল সাধকদের ওপর হামলার বিচার এবং বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন বাউলশিল্পী আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট চত্বরে “সম্প্রীতির ঐক্য” ব্যানারে জেলা সাংস্কৃতিক কর্মীরা এই সমাবেশ আয়োজন করেছিলেন। সমাবেশ চলাকালীন হঠাৎ করে ‘তৌহিদী জনতা’ নামের একটি সংগঠনের সমর্থকরা বাউল-বিরোধী স্লোগান দিতে দিতে এসে হামলা চালায়। এতে আহত হন সদরের পাচবিবির সামছুল হক চিসতি এবং হঠাৎপাড়ার মোখলেছ পাগলা।

সদর থানার ওসি সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তিনি জানান, “বাউল শিল্পীদের আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউলশিল্পী ও তৌহিদী জনতার মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকারের তিন সমর্থক আহত হন এবং পরে বাউল সমর্থকদের পাল্টা হামলায় অপরপক্ষের একজনও আহত হন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক গানের আসরে বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ উঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুফতি আব্দুল্লাহ নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন।

২০ নভেম্বর ডিবি পুলিশ মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে এবং সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন