বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়ে পাঠানো চিঠি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে দিল্লি। বুধবার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর লিখিত অনুরোধ বাংলাদেশ সম্প্রতি নতুন করে পাঠিয়েছে।
জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি এখন চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত থাকবে।”
গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটির একটি অজ্ঞাত স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য এ পর্যন্ত দুই দফায় চিঠি দিলেও ভারতের পক্ষ থেকে এবারই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে।
ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর চলতি মাসে ঢাকার পক্ষ থেকে নতুন চিঠি পাঠানো হয়। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো একই ধরনের অনুরোধ পাঠিয়েছিল বাংলাদেশ।
ভারত জানিয়েছে, বাংলাদেশের নতুন অনুরোধটি এখন আইনি কাঠামোর মধ্যেই পর্যালোচনা করা হচ্ছে।

