একই দিনে প্রায় ছয় মাত্রার তীব্রতায় ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইন ও জাপানে। দুই দেশেই একাধিক অঞ্চল কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং জাপান টাইমসের তথ্যমতে, মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলে দুইবার ভূকম্পন রেকর্ড হয়েছে।
ভোরে কিউশু দ্বীপে প্রথম ভূমিকম্প, যার মাত্রা ছিল ৫.৪,সন্ধ্যা ৬টা ০১ মিনিটে কুমামোটো প্রিফেকচারে আবার আঘাত হানে ৫.৮ মাত্রার ভূমিকম্প।
দ্বিতীয় কম্পনটি জাপানের ১০-পয়েন্ট ভূমিকম্প তীব্রতার স্কেলে চতুর্থ সর্বোচ্চ মাত্রায় অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৯ কিলোমিটার গভীরে, যা একে আরও তীব্রভাবে অনুভূত হতে সাহায্য করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে—আগামী এক সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হতে পারে। বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

