রাজউকের পূর্বাচল নিউ টাউন প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি পৃথক মামলার রায়ে প্রধানমন্ত্রী পদচ্যুত শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জয়কে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে এসব মামলায় শেখ হাসিনাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সাইফুল ইসলাম সরকারকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়।
রায় ঘোষণাকে ঘিরে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়।
তিনটি মামলার শুরু থেকেই শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পলাতক হিসেবে বিবেচিত হচ্ছেন।

