মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে: শাহজাহান চৌধুরী

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে নিজের প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা নিয়ে মন্তব্য করতে শোনা গেছে।

ভিডিওতে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না… আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আল্লাহ আমার জন্য সূর্য দাঁড়িয়ে রাখবে— আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।”

চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগের সময় তিনি এ বক্তব্য দেন। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে আরও শোনা যায়, শাহজাহান চৌধুরী বলেন, “চুদুর-বুদুর করিও না, লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। টাকাপয়সা চাইনি— আজ আমি আপনাদের দুয়ারে এসেছি।”

তিনি চরতির প্রতি তার আবেগ ও শ্রদ্ধার কথাও তুলে ধরে বলেন, “এই চরতি আমার শায়েখ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। এখানে কোনো রাজনীতি নাই, কোনো মার্কা নাই— সাতকানিয়া-লোহাগাড়ায় একটাই মার্কা, দাঁড়িপাল্লা।”

এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়া সংক্রান্ত বক্তব্যের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ওই বক্তব্য ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। সন্তোষজনক জবাব না পেলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন