বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে— প্রশাসক এজাজের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের’ তথ্য পাওয়ায় অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ এজাজ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সাম্প্রতিক অভিযোগগুলোকে কেন্দ্র করেই নেওয়া হলো এই অনুসন্ধানের পদক্ষেপ।

এর আগে তাকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে ডিএনসিসির পক্ষ থেকে এসব অভিযোগকে ‘অসত্য, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়।

ডিএনসিসির এক লিখিত বিবৃতিতে বলা হয়েছিল— এজাজ দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা, নদী দখলবিরোধী আন্দোলন, পানির ন্যায্যতা ও মানবাধিকার ইস্যুতে সোচ্চার ছিলেন। তার এসব অবস্থান কিছু প্রভাবশালী মহলের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয়েছে।

দুদকের চলমান অনুসন্ধানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন