বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাউল সম্প্রদায়ের হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।।

দেশের বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য মানিকগঞ্জের পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। “যেকোনো স্থানেই হামলা ঘটেছে, সেখানেই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। খুব দ্রুত ফলাফল জানা যাবে,” তিনি বলেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, বর্তমান ডিজিটাল যুগে দুর্নীতি আর আগের মতো টাকার বস্তা বহন করে করা হয় না। “ক্যাশলেস ট্রানজেকশনের মাধ্যমে মাত্র একটি ক্লিকে হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। তাই দুর্নীতি দমন ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো জরুরি,” তিনি মন্তব্য করেন।

তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি বিশেষ কমিশন গঠন করেছিল। কমিশনের প্রস্তাবের আলোকে ‘দুর্নীতি দমন আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। নতুন আইন অনুযায়ী কমিশনের পাঁচজন সদস্য থাকবেন, যার মধ্যে কমপক্ষে একজন আইটি বিশেষজ্ঞ এবং একজন নারী কমিশনার থাকবেন। এছাড়া প্রতি ছয় মাসে কমিশনের প্রতিবেদন অনলাইনে প্রকাশ করতে হবে এবং অফিসারদের সম্পদের হিসাব জানাতে হবে।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা সারা দেশের ভবন নির্মাণ ও বিল্ডিং কোড মানার জন্য একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠনের ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ, কুমিল্লার চৌদ্দগ্রাম বা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীদের নির্মিত বড় ভবনগুলোকে নিয়ম মেনে তৈরি করতে বলা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন