বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, পরিস্থিতি এখন “অত্যন্ত সংকটময়”।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, দুদিন আগে খালেদা জিয়াকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার রাতেই চিকিৎসকরা জানান যে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, “গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। নির্যাতন, কারাভোগ—সবকিছু সহ্য করে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।”
তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে সারাদেশে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছিল। “দেশের প্রতিটি মসজিদে মসজিদে মানুষ তার জন্য দোয়া করছেন। আজ আমরা নয়াপল্টনেও নামাজের পর তার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেছি,” বলেন ফখরুল।
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

