বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি তাঁর চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি বা বিলম্ব না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

ড. ইউনূস দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। তিনি বলেন, “গণতান্ত্রিক পরিবর্তনের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান উপদেষ্টা আরও জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দিতে প্রস্তুত রাখা হয়েছে এবং তাঁর চিকিৎসার প্রতিটি ধাপে সর্বোচ্চ সমন্বয় বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে বাড়তি উদ্বেগ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন