হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে পাঠানো এক বার্তায় জানা যায়, রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, “দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। উনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের উত্তর দিয়েছেন।”
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতার কারণে পুনরায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সিসিইউতে তার চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

