ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক পারাপারের সময় ইমারত পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ির চাপায় সাহিদা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের আলগী সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা উপজেলার আলগী ইউনিয়নের সৌয়াদী গ্রামের শেখ শাহাদাত হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জগামী ইমারত পরিবহনের একটি গাড়ি সাহিদাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ক্ষুব্ধ লোকজন দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন।
ঘটনার পর হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় এক কলেজছাত্রী গাড়ির চাপায় নিহত হন। পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।”

