বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর বর্তমান স্বাস্থ্যঝুঁকির কারণে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেভাগেই এগিয়ে রাখা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের কঠোর নজরদারিতে আছেন। ঢাকা, লন্ডন ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চিকিৎসক দল প্রতিনিয়ত তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছে।
মির্জা ফখরুল বলেন,
“বেগম জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা গতকাল বোর্ড মিটিং করে জানিয়েছেন, তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে এই মুহূর্তে তিনি ভ্রমণের উপযোগী নন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”
তিনি আরও জানান, সম্ভাব্য বিদেশ যাত্রা সামনে রেখে ভিসা ও প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগাযোগসহ কাগজপত্রের প্রস্তুতি অনেকটাই অগ্রসর।
“যদি চিকিৎসকদের অনুমতি আসে যে তিনি ফ্লাই করার মতো সক্ষম, তাহলে খুব দ্রুতই তাকে বিদেশে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে,” বলেন বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে তিনি হাসপাতালের সামনে ভিড় না করার জন্য দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
“নেত্রীর জন্য দোয়া করুন, তবে ভিড় করে চিকিৎসা কার্যক্রমে বাধা দেবেন না,” বলেন তিনি।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় প্রতিটি পরিবর্তনই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চিকিৎসক বোর্ড। পরিবার ও দল আশা করছে, দেশবাসীর দোয়া ও উন্নত চিকিৎসায় দ্রুতই উন্নতির খবর পাওয়া যাবে।

