বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ডেস্ক রিপোর্ট।।

রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ এবং সমাজসেবা অধিদপ্তর। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই হাজার ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, অগ্নিকাণ্ডে বহু পরিবার অসহায় হয়ে পড়েছে। এ জরুরি সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাথমিক চাহিদা পূরণে সহায়তা করা হচ্ছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুপ, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন সেকশনের প্রধান ন্যাটালি ম্যাককলি, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মো. সাদিকুল হক এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে খাদ্য সামগ্রী, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বস্তিবাসীদের দ্রুত পুনর্বাসন ও জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে।

সিএসপিবি প্রকল্প ও সহযোগী সংস্থাগুলো বলেছে, ভবিষ্যতেও অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

২৫ নভেম্বর বিকেলে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক হাজার ৫০০ ঘর পুড়ে গেছে। আগুনের কারণে হাজারো বাসিন্দা খাদ্য ও নিরাপদ আশ্রয়ের জন্য সমস্যার মুখে পড়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন