বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম শুরু হতেই বাজিমাত করলেন ওপেনার নাঈম শেখ। ‘এ’ ক্যাটাগরির এই ক্রিকেটারকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতে সিলেট টাইটান্স বিড করলেও পরে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস প্রতিযোগিতায় নামলে দাম বাড়তে থাকে দ্রুত। শেষ পর্যন্ত নাঈমকে দলে পায় চট্টগ্রাম।
নিলামের দ্বিতীয় ডাকে উঠে আসে লিটন দাসের নাম। তাকে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত ৭৫ লাখ টাকায় লিটনকে দলে টেনে নেয় রংপুর রাইডার্স।
এদিকে বিস্ময়করভাবে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের দুই সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরি থেকে তাদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করতে আগ্রহ দেখায়নি।
বিপিএলের নিলামের প্রথম ধাপ থেকেই নতুনদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ চোখে পড়েছে, আর অভিজ্ঞদের প্রতি তুলনামূলক কম—এমন মন্তব্য করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

