বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট।।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। পরদিন গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক শুনানি শেষে তা মঞ্জুর করেন। পরে গত ২০ অক্টোবর ওই মামলাতেই তাকে আরও দু’দিনের রিমান্ডে পাঠানো হয়।

আদালতের নতুন আদেশের ফলে শাহরিয়ার কবির এখন মানবতাবিরোধী অপরাধ মামলারও আনুষ্ঠানিক আসামি হিসেবে বিবেচিত হবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন