বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছেন না: এটিএম আজহারুল

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশের বাইরে অবস্থান করে রাজনীতি করা দেশপ্রেমের পরিচয় নয়। তিনি দাবি করেন, জামায়াতের নেতারা অতীতে বিদেশে না পালিয়ে দেশে ফিরে মৃত্যুদণ্ডের মঞ্চে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন।

রোববার বিকেলে চৌগাছার শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় এটিএম আজহারুল ইসলাম বলেন,
“জামায়াত সুযোগ পেলে সবার আগে দেশ থেকে দুর্নীতি দূর করবে। বাংলাদেশ গরিব নয়, বরং সম্পদশালী দেশ। আমাদের ঘাটতি শুধু সৎ ও চরিত্রবান নেতৃত্বের।”

তিনি অভিযোগ করেন, দেশের বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং রাজনৈতিক নৈতিকতার সংকটই এর মূল কারণ।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি বলেন,
“অনেক সময় জামায়াত-শিবিরকে মন্দির হামলার অভিযোগে দায়ী করা হয়েছে। অথচ গত দুই বছর আমাদের কর্মীরা মন্দির পাহারায় ছিল।”

এ সময় তিনি দাবি করেন, সারাদেশে তাদের সমর্থনের “জোয়ার” দেখে প্রতিপক্ষ আতঙ্কগ্রস্ত হয়ে হামলার পরিকল্পনা করছে।

তিনি যুবকদের উদ্দেশে বলেন,
“ভোটকেন্দ্র পাহারা দিন। কেউ আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করতে প্রস্তুত।”

চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন—

যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ

জেলা জামায়াতের আমির গোলাম রসুল

যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

সভামঞ্চে নেতারা নির্বাচনী প্রস্তুতি, গণসংযোগ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন