মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ইংল্যান্ড থেকে এসে যদি প্রধানমন্ত্রী না হন, দুই কূলই হারাবেন: এ টি এম আজহারুল

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না। জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। অনেক নেতা বিদেশে আছেন, তারা দেশে আসার সাহস পাচ্ছেন না। কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন, নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে। ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম, ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম, একূল-ওকূল দুই কূলই হারাবেন।

আজহারুল ইসলাম এসব কথা বলেছেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায়, যা অনুষ্ঠিত হয় চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

তিনি বলেন, “দেশটা গরিব নয়, সম্পদশালী। তবে দেশপ্রেমিক ও চরিত্রবান নেতৃত্বের অভাব আছে। আমাদের দলদ্বারা পরিচালিত মন্ত্রণালয়গুলোতে দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। ক্ষমতায় এলে আমরা তিন থেকে পাঁচ বছরের মধ্যে বেকারত্ব দূর করার পাশাপাশি জাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করব।”

নায়েবে আমির আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা জামায়াতকে অমূল্য অভিযোগ দিয়ে কুৎসা করছে, তবে দলের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থাপনাগুলো রক্ষায় সচেষ্ট। তিনি ভোটকেন্দ্র পাহারা দিতে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদ, জেলা ও মহানগর নেতারা, এবং জেলায় প্রার্থী মোসলেহ উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন