ফ্রান্সের হাইস্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার উত্তরপূর্বাঞ্চলীয় মিরেকোর্টে এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানান, জুনিয়র স্কুলে ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং আগামী বছরের শুরু থেকে হাইস্কুলেও বাস্তবায়ন করা হবে।
ম্যাক্রোঁ বলেন, “হাইস্কুল শিক্ষার্থীদের পড়াশোনা এবং সামাজিকীকরণের জন্য গুরুত্বপূর্ণ। মোবাইল ফোন শিক্ষার্থীদের একাকীত্ব এবং মানসিক চ্যালেঞ্জের কারণ হতে পারে, তাই আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
শিক্ষামন্ত্রী এডোয়ার্ড গেফকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য শিক্ষার্থীদের সামাজিক মেলামেশা ও মানসিক স্বাস্থ্য রক্ষা করা।
বিশ্বজুড়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে অনলাইন সাইবার বুলিং, যৌন হয়রানি ও একাকীত্ব বৃদ্ধির কারণে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত করার পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশ ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধ করেছে।

