বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের মূল ফটকে দেখা যায়, দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ বা ভিড় করতে দেওয়া হচ্ছে না।
হাসপাতাল এলাকার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, গত রাত ২টার দিকে প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়। চারপাশেও কঠোর নজরদারি চলছে, যাতে অযথা ভিড় বা বিশৃঙ্খলা না হয়।
এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, রোগীদের চলাচল নির্বিঘ্ন রাখা ও খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের আশপাশের পরিবেশ শান্ত ও নিয়ন্ত্রিত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, সোমবার গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তারা চিকিৎসক দলের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।

