রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তার দৈহিক নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়েছে।
‘ভিভিআইপি’ হিসেবে খালেদা জিয়াকে আইন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা সুবিধা দেওয়া হবে। তার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কোনো পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এসএসএফ।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ছাড়াও দেশে অবস্থানরত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফের দায়িত্ব। আইন অনুযায়ী, তাদের নিরাপত্তা বিপন্ন হলে এসএসএফ তথ্য সংগ্রহ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে স্বাধীন। গুরুতর পরিস্থিতিতে এসএসএফের কাছে গ্রেপ্তার, সীমাহীন নিরাপত্তা ব্যবস্থা বা প্রাণঘাতী ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও রয়েছে।
প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি নথিতে স্পষ্ট করা হয়েছে, খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে।

