বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশে কোনো ব্যক্তির নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আগে তিনি সচিবালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নেন, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঝুঁকিপূর্ণ ও নিরাপদ এলাকা নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন, বডি ওর্ন ক্যামেরার ক্রয় ও পরিচালনায় প্রশিক্ষণ, এবং অন্যান্য বাহিনীর প্রস্তুতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করা হয়েছে, তবে চূড়ান্ত সংখ্যা পরে জানানো হবে। বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী যথেষ্ট ক্যামেরা কেনা হবে।”

প্রয়োজনীয় সংখ্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কী হাতিয়ার আছে…জানানো যায় না।’

তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, “কেউ যেন নিরাপত্তার অভাবে সমস্যায় না পড়ে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তার প্রয়োজন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে। যারা অনুমোদিত, তারা পর্যবেক্ষণ করবে, অনুমোদিত নয় এমন কেউ পর্যবেক্ষণ করতে পারবে না।”

পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করার জন্য তিনি জানিয়েছেন, প্রতিবেদন পড়ার পর বক্তব্য দেবেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন